বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০টি ইউপিএস হলে মূল্যবান চিকিৎসা সামগ্রী ও যন্ত্রাংশ নিরাপদ থাকবে। বিষয়টি শুনে সমস্যা সমাধানের আশ্বাস দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সে আশ্বাসের প্রেক্ষিতে মঙ্গলবার জেনারেল হাসপাতালকে চার লাখ টাকার অনুদান দেন তিনি।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদানের টাকা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা এবং আইসিইউ বেডে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে ইউপিএস কিনতে এ অনুদান দেয়া হয়।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য প্রধান হাসপাতাল চট্টগ্রাম জেনারেল হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা এবং আইসিইউ বেড এ নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থার জন্য ১০টি আইপিএস স্থাপনে এই অনুদান দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১৯ জুলাই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থাপন করা সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট এবং হাসপাতাল পরিদর্শনে যান স্থানীয় সাংসদ নওফেল। ঐ সময় বিদ্যুতের ভোল্টেজ উঠানামার কারণে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ও আইসিইউয়ের বিভিন্ন যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়ার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। পরবর্তীতে সে সমস্যা সমাধানের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেন নওফেল।
বাংলাধারা/এফএস/টিএম












