বাংলাধারা ডেস্ক »
সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টির অবকাশ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। ইভিএমের বদলে ব্যালট পেপারে নির্বাচন করতে ভোটের তারিখ পেছনোর জন্য বিএনপি যে দাবি করছে সেটি অযৌক্তিক বলেও উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আশুগঞ্জ নদীবন্দরের উন্নয়ন এবং সরাইল-আশুগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
সে সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ ইভিএমের পক্ষে, সরকার ডিজিটাল বাংলাদেশ চায়। এখন আর এনালগে থাকার সময় নেই। এই ইভিএম পদ্ধতিতে নির্বাচন পুরোপুরি করবে না আংশিক করবে তা সরকারের এখতিয়ারে নেই। এটা নির্বাচন কমিশনের বিষয়। ইসি যে সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ সেটি মেনে নেবে। মির্জা ফখরুল ইভিএম নিয়ে যে অভিযোগ করছেন তা নির্বাচন কমিশনের কাছে করুক। অন্য কারও কাছে করে লাভ নেই।
এছাড়া, একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এর আগে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে সন্দেহ ও অবিশ্বাসের দেয়াল ভেঙে দেয়া হয়েছে। আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যারিশমাটিক লিডারশিপের কারণে। দু’দেশের প্রধানমন্ত্রীর বোঝাপড়াটা খুবই ভালো। দুই দেশের মধ্যে বিরাজমান সমস্যা সমাধানে যথেষ্ট অগ্রগতি হয়েছে। সীমান্ত চুক্তি বাস্তবায়ন ও ছিটমহল বিনিময় সহজভাবে ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম












