১৫ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচিত এমপিদের গেজেট প্রকাশ; শপথ সোমবার বা মঙ্গলবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শুক্রবার রাতে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ গেজেটটি জারি করেন।

গেজেটে নির্বাচিত সংসদ সদস্যদের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম ও ঠিকানা প্রকাশ করা হয়েছে। এর মধ্য দিয়ে সংসদ সদস্যদের শপথ গ্রহণের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হলো।

গতকাল রাতেই গণভোটের ফলাফলের গেজেটও প্রকাশ করেছে ইসি। গেজেটের তথ্য অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন। অন্যদিকে ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন। গণভোটে বাতিল ব্যালট পেপারের সংখ্যা ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র জানায়, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সে ক্ষেত্রে আগামী সোমবার বা মঙ্গলবার শপথ অনুষ্ঠান হতে পারে। যেদিন সংসদ সদস্যরা শপথ নেবেন, সেদিনই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে।

সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী অথবা তাঁর মনোনীত ব্যক্তি। তবে তিন দিনের মধ্যে তা না হলে পরবর্তী তিন দিনের মধ্যে সিইসি শপথ পড়াবেন।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ করা হয়। শুক্রবার ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে ইসি। উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফলের গেজেট এখনো জারি করা হয়নি।

ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। তাদের শরিকরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়েছে। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ