বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানে নির্যাতিত নারী ও শিশুদের অভিযোগ শুনতে বান্দরবানে চালু হলো ভিকটিম সার্পোট সেন্টার।
রবিবার (৭ আগস্ট) সকালে বান্দরবান সদর থানা প্রাঙ্গণে ভিকটিম সার্পোট সেন্টারের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় বান্দরবান জেলা পুলিশের আয়োজনে এসআইডি, সিএসচটি, ইউএনডিপি এবং পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় এই ভিকটিম সাপোর্ট সেন্টার উদ্বোধন করা হয় ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, নির্যাতিত নারী ও শিশুরা এ সার্পোট সেন্টারের সহযোগিতা নিতে পারবেন। যারা অপরাধ করবে তাদের জন্য ভিকটিম সার্পোট সেন্টার আতঙ্কের বিষয়। নির্যাতনের শিকার নারী ও শিশুরা এ সেন্টারে সহযোগিতা পাবে।
তিনি আরও বলেন, অনেক সময় ব্যস্ততা ও পারিপার্শ্বিক অবস্থার কারণে ক্ষতিগ্রস্তদের থানায় সহযোগিতা পেতে বিলম্ব হয়। সময়ক্ষেপনের কারণে মামলার গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হয়ে যায়। ফলে ক্ষতিগ্রস্তদের দুর্ভোগের শিকার হতে হয়। নারী ও শিশুদের এসব দুর্ভোগ অনেকাংশ লাঘব করবে এ ভিকটিম সাপোর্ট সেন্টার।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেরিন আখতার, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, মোঃ রেজা সরোয়ার, মোঃ নাজিম উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, কাউন্সিলর অজিত কান্তি দাশ, ইউএনডিপির জেলার সমন্বয়ক খুশিরায় ত্রিপুরা, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামসহ প্রমুখ।












