২৭ মার্চ ২০২৬

নিয়ম না মেনে সন্ধ্যায় প্যারাসেইলিং, ছিটকে পড়ে নারী পর্যটক আহত

কক্সবাজার প্রতিনিধি»

কক্সবাজার সমুদ্র সৈকতে উড়ন্ত প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে এক নারী পর্যটক আহত হয়েছেন । এ সময় ওই পর্যটকের দুই পা এবং কোমরে আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী অন্যান্য পর্যটকরা।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সমুদ্র সৈকতের দরিয়ানগর পয়েন্টে এ দূর্ঘটনা ঘটেছে। কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেল সূত্রে জানা যায়, কক্সবাজার জেলা প্রশাসন থেকে চারটি পয়েন্টে বিকেল তিনটা পর্যন্ত সময় নির্ধারণ করে দিয়ে প্যারাসাইকেলিং করার অনুমতি দেয়া হয়েছে। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও প্যারাসেইলিং চলছিল সৈকতের দরিয়ানগর পয়েন্টে। কিন্তু জনৈক ফরিদের মালিকানাধীন প্যারাসেইলিং নিয়ম অমান্য করে সন্ধ্যা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করে। এ সময় দূর্ঘটনাটি ঘটে। বড় ধরনের দূর্ঘটনা না হলেও এটি সতর্কবার্তা হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকেও এক নারী পর্যটককে প্যারাসেইলিং করাচ্ছিলেন ফরিদের মালিকানাধীন প্যারাসেইলিং এর   চালক। অন্ধকার নেমে আসলেও লোভ আর অদক্ষতার কারণে সৈকতের বালিয়াড়িতে ছিটকে পড়েন ওই নারী পর্যটক। এসময় তাকে উদ্ধারের পরিবর্তে উল্টো টেনে নিয়ে যাওয়া হয়। ফলে তার দুই পা ও কোমরে জখম হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম বলেন, প্যারাসেইলিং করতে গিয়ে এক নারী পর্যটক আহত হওয়ার খবর পেয়েছি। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন