বাংলাধারা বিনোদন »
করোনাভাইরাসের কোপে কাবু হয়ে নয়, ‘ভাইজান’র ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ দেখার পরেই এক ভক্ত বলিউড অভিনেতা সালমান খানের কাছে লিখেছেন, দ্রুত অক্সিজেন চাই। দয়া করে সাহায্য করুন!
এমন অসংখ্য কটাক্ষের তির গত ৪৮ ঘণ্টায় ধেয়ে এসেছে অভিনেতার দিকে। নেটমাধ্যমে ট্রোল, মিমের নতুন খোরাক হয়ে উঠেছেন সালমান। ইদ উপলক্ষে অভিনেতা তার অনুরাগীদের ‘রাধে’ উপহার দিয়েছিলেন। কিন্তু সেই ছবি মুক্তির পরেই কখনো সালমানের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, কখনো আবার ব্যঙ্গ করা হয়েছে ‘হাঁটুর বয়সি’ নায়িকা দিশা পাটানির সঙ্গে জুটি বাঁধার জন্য। এ সবের মধ্যেই অভিনেতার একটি ফেসবুক পোস্ট আরো বেশি ঘি ঢেলে দেয়।
ফেসবুকে সালমান ভালো মনে অনুরাগীদের ইদের শুভেচ্ছা জানিয়েছিলেন। একই সঙ্গে তার ছবি দেখার জন্য ধন্যবাদ দিয়েছিলেন সকলকে। এখানেই কাটলো তাল। ‘ভাইজান’ যখন তার ছবি নিয়ে ‘মন কি বাত’ বলতে শুরু করলেন, তখনই তার মন্তব্যকে ঘিরে শুরু হলো বিতর্ক।
কেউ লিখেছেন, ‘আমাদের মিমের জোগান দেওয়ায় আপনাকে ধন্যবাদ’। একজন আবার লিখে বসলেন, ‘করোনার সঙ্গে তবুও লড়ে নেওয়া যাবে। তবে ‘রাধে’র সঙ্গে লড়াই করা যাবে না। সরকারের উচিৎ তাড়াতাড়ি টিকাকরণের ব্যবস্থা করার। নইলে একসঙ্গে দুটি অতিমারিকে সামলানো যাবে না’।
অনুরাগীদের সালমানের প্রতি আনুগত্যও এবার বাঁচাতে পারেনি ছবিকে। ঠাট্টা-তামাশার মোড়কে না মুড়িয়েই একজনের স্পষ্ট উপদেশ, ‘দয়া করে রেমো ডি’সুজা এবং প্রভুদেবার সঙ্গে ছবি করা বন্ধ করুন’। অনেকেই আবার সালমানকে এমন কোনো চিত্রনাট্য বেছে নিতে বললেন, যেখানে তার অভিনয় দক্ষতা ফুটে উঠবে।
বাংলাধারা/এফএস/এআর












