৩০ মার্চ ২০২৬

নোনা জলের ভালোবাসায় সজল-সারিকা

বাংলাধারা ডেস্ক »

দরজায় কড়া নাড়ছে বিশ্ব ভালোবাসা দিবস। প্রতি বছরই বিশেষ এ দিবসকে ঘিরে ছোটপর্দার আয়োজনগুলো হয় চোখে পড়ার মতো। বিশেষ করে, ভালোবাসা দিবস উপলক্ষ্যে প্রচুর নাটক নির্মাণ করা হয়। সেসব নাটকে থাকে নানা রকম ভালোবাসার গল্প। তেমনই এক গল্পের নাটকে অভিনয় করেছেন আব্দুর নূর সজল ও সারিকা  সাবরিন।

এই জুটিকে আগেও একাধিক নাটকে একসঙ্গে দেখা গেছে। বেশ জনপ্রিয়তাও পেয়েছে। এবার তারা অভিনয় করেছেন ‘নোনা জলের ভালোবাসা’ শিরোনামের একটি নাটকে। এটি নির্মাণ করেছেন গোলাম মুক্তাদির। ফ্রেশ সয়াবিন ওয়েল নিবেদিত নাটকটির প্রযোজনায় রয়েছেন শাহরিয়ার শাকিল।

এরই মধ্যে নাটকটির একটি প্রমো প্রকাশ হয়েছে। সেখানে নানা রূপে দেখা গেছে সজলকে। কখনো সারিকাকে নিয়ে ভালোবাসার রাজ্যে হারিয়েছিন তিনি। কখনো তাকে ধমক দিচ্ছেন। একসময় দেখা যায়, তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন। মাথার চুল উঠে গেছে। বোঝাই যাচ্ছে, কঠিন কোনো রোগে ভুগছেন।

নিজের অসুখের খবর জেনেই কি ভালোবাসার মানুষ সারিকার সঙ্গে খারাপ ব্যবহার করতেন সজল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে নাটকটি দেখলেই।

সজল-সারিকা ছাড়াও ‘নোনা জলের ভালোবাসা’ নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন আবুল হায়াত ও ইন্তেখাব দিনার। আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসার দিন রাত ৯টা ২০ মিনিটে নাটকটি আরটিভিতে প্রচারিত হবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন