২০ মার্চ ২০২৬

নৌকা ডুবিতে নিখোঁজ অপর যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজার শহরের ৬নং বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ থাকা অপর যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ফিশারি ঘাট এলাকা থেকে ভাসন্ত লাশটি উদ্ধার করে স্থানীয় জনতা।

মো. বেলাল (২২) কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার ফজল করিমের ছেলে।

স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম ও নাঈম জানান, ফিশারির উত্তর পাশে একটা তেলের পাম্পের সামনে বাঁকখালী নদীর পাড়ে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী। জনতা জড়ো হয়ে তা উদ্ধার করে। পরে পরিবারের লোকজন এসে তাকে সনাক্ত করেন।

এর আগে সোমবার বেলা দেড়টার দিকে অপর নিখোঁজ মো. ইউনুস লালুর (৩৫) মরদেহ উদ্ধার করা হয়। তিনি শহরের নতুন বাহারছড়া সেন্ডেল ফিশারি এলাকার নুরুল আবছারের ছেলে।

সূত্র মতে, গত রোববার (১৮ অক্টোবর) দিনগত রাত ১২ টার দিকে শখ করে নৌকায় চড়ে বাঁকখালী নদীতে মাছ ধরতে যায় মো. ইউনুস, মো. বেলাল ও আব্দু শুক্কুর। তারা পাড় থেকে নদীর মাঝ বরাবর যেতেই নৌকাটি ডুবে যায়। নৌকাডুবির পর আব্দু শুক্কুর সাঁতার কেটে তীরে আসতে পারলেও অপর দুজন নিখোঁজ হন। এর ১৪ ঘন্টার মাথায় ইউনুস এবং ৩২ ঘন্টার মাথায় একই এলাকা হতে নিখোঁজ বেলালের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমেছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন