১৩ মার্চ ২০২৬

‘ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকাই মূখ্য’

কক্সবাজার প্রতিনিধি  »

সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকাই মূখ্য বলে জানিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। শনিবার (৭ নভেম্বার) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি আয়োজিত ‘শিক্ষানবীশ আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালায়’ প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেছেন।

তিনি বলেছেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা ও সমৃদ্ধি বাড়াতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা অগ্রগণ্য। নিজ কাজের উপর ভিত্তি করে একজন আইনজীবী সমাজের আইডল হিসেবে অধিষ্ঠিত হতে পারেন। পেশাটাকে ইবাদত হিসেবে নিলে সেই লক্ষ্য সহজে পূরণীয়।

জেলা জজ বলেন, ৮শ’ মার্ডার, ৮ হাজার চেক ডিজঅনার ও ৩০ হাজার ইয়াবা মামলাসহ ৮০ হাজারের বেশি মামলা কক্সবাজারের আদালত গুলোতে চলমান রয়েছে। মামলা কমাতে প্রত্যেক আইনজীবীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হিসেবে ভুমিকা রাখতে হবে। পাশাপাশি মামলার দীর্ঘসূত্রিতা কমাতে যোগ্য নেতৃত্ব এবং যোগ্য আইনের শাসকেরও প্রয়োজন আছে।

সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা তিনটা পর্যন্ত চলা প্রশিক্ষণ কর্মশালায় জেলা ও দায়রা জজ আরো বলেন, আইনজীবীদের মধ্যে অন্যরা ডুকে এই পেশাটা নষ্ট করেছে। হতাশ হবার কারণ নেই, আপনাদের (শিক্ষানবিশ) মধ্যে বিশাল সম্ভাবনা দেখতে পাচ্ছি। পেশাটাকে ইবাদত হিসেবে গণ্য করে পথ চলুন। সফলতা আসবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা জজ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যারা জাতির পিতার খ্যাতি লাভ করেছেন তারা সবাই আইনজীবী ছিলেন। তাদের ত্যাগ মেধা পরিশ্রমের কারণে এ সফলতা পেয়েছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইনের শিক্ষার্থী ছিলেন জানিয়ে তিনি বলেন, বাঙ্গালী জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু ১৪ বছরের অধিক সময় কারাগারে কাটিয়েছেন। জাতির জনকের নেতৃত্বে এক সাগর রক্তের বিনিময়ে ৯ মাস যুুদ্ধের পরে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। মহান মুক্তিযুদ্ধের পর বিশ্বের সর্ববৃহৎ সংবিধান পেয়েছি। যেখানে ব্যক্তি স্বাধীনতা আর সবার জন আইনের সমতা নিশ্চিত করা হয়েছে।

বঙ্গবন্ধু একটি স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, আজ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। জাতির জনকের সুযোগ্য কন্যা এক নাগাড়ে ১২ বছর দায়িত্ব পালন করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশে অবকাঠামোগত উন্নতি হচ্ছে, অর্থনৈতিকভাবে রাষ্ট্রের অনেক উন্নতি হয়েছে।শুধু কক্সবাজারেই চলছে সাড় তিন লাখ কোটি টাকার নানা মেগা প্রকল্প।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিনের সঞ্চালনায় সভাপতি আ.জ.ম মঈন উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসেবে বিচারকের মাঝে বক্তব্য রাখেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ, দেলোয়ার হোসেন শামীম ও মো. হেলাল উদ্দিন।

রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর, সিনিয়র আইনজীবী শিবু লাল দেবদাস, পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি ছাদেক উল্লাহ, সাবেক সভাপতি আবুল কালাম সিদ্দিকী ও ছৈয়দ আলম।

কোরআন তেলাওয়াত শেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া কর্মশালায় আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন পাঠাগার সম্পাদক মাহবুবুল আলম টিপু, ভিজিল্যান্স টিমের সদস্য রিদুয়ান আলী, মামুনুর রশিদ, মোঃ হারেছুর রহমান, বাবলু মিয়া, মো. ইনসাফুর রহমান।

কর্মশালায় অংশ নেয়া দু’শতাধিক শিক্ষানবিশ আইনজীবীদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি। সেখানে নৈতিকতায় পেশাদারিত্বে রাষ্ট্রের উন্নয়ন এবং মানুষের সেবার মানসিকতায় দায়িত্ব পালনের অঙ্গীকার করানো হয় শিক্ষানবীশ আইনজীবীদের।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ