পটিয়া প্রতিনিধি »
পটিয়ার মোজাফরাবাদ কলেজের সামনে থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রোববার (২১ জুন) সকাল ১০টার দিকে পটিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেল (পটিয়া) এর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মোজাফরাবাদ কলেজের সামনে মহাসড়ক সংলগ্ন পশ্চিম পার্শ্ব থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত শাহীনুর রহমান (৩৭) টাঙ্গাইল জেলার নাগরপুর থানার দুয়াজানী ইউনিয়নের মৃত শামসুল হকের পুত্র। শাহীনুর গাজীপুর চৌরাস্তা এলাকায় ইয়াবা বিক্রি করে বলে জানা যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় চট্টগ্রাম ‘খ’ সার্কেল (পটিয়া) সূত্রে জানা যায়, রোববার সকালে শাহীনুর রহমান (৩৭) নামে এক জনকে ১ হাজার ২৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। সে কক্সবাজার হতে ইয়াবা পাচার করে গাজীপুর নিয়ে বিক্রি করে থাকে।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












