পটিয়া প্রতিনিধি »
পটিয়ায় একের পর এক গবাদি পশু চুরির ঘটনা বেড়েই চলেছে। তবে এবার অস্ত্র ধরে একটি গরুর খামার থেকে চারটি গরু লুটের ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কচুয়াই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মরহুম এয়াকুব নবীর পুত্র মো. মফিজ উদ্দিন কালা মসজিদ এলাকায় একটি গরু খামার গড়ে তুলেন। তার খামারে বিভিন্ন জাতের দামি গরু রয়েছে। চোরের উপদ্রবের কারণে মফিজের খামারটি সিসিটিভি ক্যামরায় ধারণ করা হয়। সোমবার গভীর রাতে খামারের প্রহরীরা ঘুমিয়ে পড়লে অস্ত্রধারী গরু লুটচক্রের সদস্যরা ঢুকে প্রহরী জহির আহমদ ও আরেক প্রহরীকে রশি দিয়ে বেঁধে খামার থেকে আনুমানিক প্রায় ৭ লাখ টাকা মূল্যের চারটি গরু লুট করে নিয়ে যায়।
সোমবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কচুয়াই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালা মসজিদ এলাকার খামারী মো. মফিজের গরুর খামারে এসব গরু লুট হয় । যদিও খামারটি সিসিটিভি ক্যামরায় নিয়ন্ত্রিত ছিল। কিন্তু অস্ত্রধারী সংঘবদ্ধ গরু লুটচক্রের লোকজন গভীর রাতে প্রবেশ করে খামারের প্রহরীকে রশি দিয়ে বেঁধে চারটি দামি গরু লুট করে নিয়ে যায়। এর আগে খামারের চারটি ক্যামরার মধ্যে তিনটি ক্যামরা ভেঙে দেয়া হয়েছে। তবে একটি ক্যামরায় অস্ত্রধারী গরু লুট চক্রের তান্ডবের দৃশ্য রেকর্ড হয়েছে।
খামারী মো. মফিজ উদ্দিন বাদি হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করে অস্ত্রধারী গরু লুট চক্রের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












