বাংলাধারা প্রতিবেদন »
অপহরণের নাটক সাজিয়ে ইজিবাইক চুরির ঘটনায় চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত ইজিবাইক উদ্ধার সহ চার জনকে আটক করেছে র্যাব-৭।
গত ২২ নভেম্বর ২০২০ ইং তারিখ মো. মাহবুব আলম (৩৪) র্যাব-৭ এ লিখিত অভিযোগ করেন, তার ক্রয়কৃত ইজিবাইক (ব্যাটারী চালিত) গাড়িটি দীর্ঘদিন যাবত চালক মো. গিয়াস উদ্দিন ভাড়ায় চালনা করছে।
গত ২১ নভেম্বর ২০২০ ইং তারিখ আনুমানিক ৫ ঘটিকায় চালানোর জন্য নিয়ে গেলে নিয়মানুযায়ী ঐ দিন রাত ১১ টায় গ্যারেজে ফেরত দেওয়ার কথা। গাড়িটি ফেরত না দেওয়ায় চালক মো. গিয়াস উদ্দিনকে ফোন দিলে ফোন বন্ধ পায়। পরদিন চালক গিয়াস উদ্দিনের নম্বর থেকে অজ্ঞাত নামা ব্যক্তি বাদীর মোবাইলে ফোন করে ইজিবাইকটির বিনিময়ে এক লক্ষ টাকা চাঁদা দাবী করে। উক্ত অভিযোগের ভিত্তিতে র্যাব-৭ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। গোপন সংবাদ এবং তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন নাজিরপাড়া এলাকার ডিনাইন রোডে ইজিবাইক চোররা অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৪ নভেম্বর র্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে মো. গিয়াস উদ্দিন (২৮), মঈনুল ইসলাম (২৬), মো. আনোয়ার হোসেন (৪৫), মো. বাবুল উদ্দিন (৪২) নামে ৪ জনকে আটক করে।
পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজসে ইজিবাইক চুরির কথা স্বীকার করে।
উল্লেখ্য, মো. গিয়াস উদ্দিন (২৮) নিজেকে অপহরণের শিকার বলে তার মুক্তির জন্য স্ত্রীর কাছে টাকা চায় যা ছিল সাজানো ঘটনা এবং এর মাধ্যমে সে ইজিবাইক চুরির ঘটনা ধামাচাপা দিতে চায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/ওএস












