বাংলাধারা প্রতিবেদন :::
চট্টগ্রামে ছেলেকে স্কুলে দিতে যাওয়ার পথে নৃশংস খুনের শিকার মাহমুদা খানম মিতুকে হত্যার মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১২ মে) বিকেল সোয়া ৩টায় চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহান এ আদেশ দিয়েছেন।
মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রামের পুলিশ সুপার নাজমুল হাসান সাংবাদিকদের জানিয়েছেন, হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বাবুল আক্তারকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। আদালত পাঁচ দিন মঞ্জুর করেছেন। আদালত থেকে বাবুল আক্তারকে পিবিআই হেফাজতে নেওয়া হয়েছে।
জানা যায়, ২০১২ সালে বাবুল আক্তার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কক্সবাজার যাওয়ার পর ভারতীয় নাগরিক ও এনজিও কর্মকর্তা গায়ত্রী দেবী’র সাথে পরিচয় ও প্রেমের সম্পর্ক হয়। টানা তিন বছর প্রেমের সম্পর্ক চলার পর ২০১৫ সালে বিষয়টি স্ত্রী মিতুর কাছে প্রকাশ হয়ে যায়।
আরও পড়ুন : ভারতীয় নাগরিক গায়ত্রী’র সাথে এসপি বাবুল আকতারের পরকীয়ার জেরে মিতুকে হত্যা
আরও জানা যায়, একই বছর বাবুল আক্তারের একটি মোবাইল ফোন স্ত্রী মিতু ভারতীয় নাগরিক গায়ত্রী দেবী’র সাথে অনেক ছবি ও এসএমএস দেখতে পায়। এই এসএমএস ও ছবির জের ধরে দুজনের মধ্যে অনেক কথাকাটাকাটি ও ঝগড়া হয়। এই ঝগড়া বাবুল আক্তার ও মিতুর পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ে। বিরোধের এক পর্যায়ে বাবুল আক্তার মিতুকে নির্যাতন শুরু করে।
এর আগে, দুপুরে মিতুর বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় বাবুল আক্তারসহ আট জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। বাবুল আক্তারকে ওই হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে নেওয়া হয়।
প্রায় পাঁচ বছর আগে মাহমুদ খানম মিতুকে হত্যার পর বাবুল আক্তার নিজেই বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেছিলেন। নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাত ঘুরে ২০২০ সালের জানুয়ারিতে ওই মামলার তদন্তভার গিয়ে পড়ে পিবিআইয়ের ওপর। এরপর আস্তে আস্তে জট খুলতে থাকে দেশজুড়ে তোলপাড় সৃষ্টিকারী চাঞ্চল্যকর এই মামলার।
মঙ্গলবার (১১ মে) ওই মামলার বাদী বাবুল আক্তারকেই জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেয় পিবিআই। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক (মেট্রো) সন্তোষ কুমার চাকমাসহ ঊর্ধ্বতন পর্যায়ের একটি টিম তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এরপর বুধবার সকালে পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার এক সংবাদ সম্মেলনে জানান, মিতু হত্যা মামলায় খোদ বাদি বাবুল আক্তারেরই সম্পৃক্ততা পাওয়া গেছে।
বাংলাধারা/এআই












