২২ মার্চ ২০২৬

পরকীয়া সন্দেহে ঘরে আগুন দিলেন স্বামী, দগ্ধ শিশু

রাঙ্গুনিয়া প্রতিনিধি »

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরপুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে স্ত্রীর— এই সন্দেহে নিজ বসতঘরে আগুন দিয়েছেন স্বামী। এতে পার্শ্ববর্তী ঘরেও আগুন লেগে মোতাহের আক্তার নামে ২ বছর বয়সী এক শিশু আগুনে দগ্ধ হয়েছে। বর্তমানে কন্যা শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।

রোববার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব খুরুশিয়া ফকির টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা জানে আলম (৫৫) দীর্ঘদিন ধরে স্ত্রী শারমিন বেগমকে (২৯) সন্দেহের চোখে দেখতেন। মনে করতেন, স্ত্রীর সঙ্গে পরপুরুষের সম্পর্ক রয়েছে। এই নিয়ে তাঁদের মধ্যে একাধিকবার কথা কাটাকাটি হয়েছে। হাতাহাতির ঘটনাও ঘটে। এরই ধারাবাহিকতায় গত রোববার রাতেও স্বামী জানে আলম মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে স্ত্রীর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে যান। এর জের ধরে নেশাগ্রস্ত অবস্থায় নিজের বসতঘরে আগুন লাগিয়ে দেয় জানে আলম। এ সময় তার ঘর থেকে পাশ্ববর্তী মো. হারুনের (৩৯) ঘরেও আগুন লাগে। এতে হারুনের শিশুকন্যা আগুনে দগ্ধ হয়। এ সময় পুড়ে যায় জানে আলম ও হারুনের দুইটি ঘর।

এ বিষয়ে মো. হারুন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আমার মেয়ের হাত, পা ও মাথাসহ শরীরের ৫০ শতাংশ পুড়ে যায়। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমার মেয়ের অবস্থা ভালো না। অগ্নিসংযোগের ঘটনায় তার ঘরের বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ঘটনার পর থেকে জানে আলম পলাতক রয়েছে। জানে আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছি থানায় বলে তিনি জানান।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়ার এসআই আরিফুজ্জামান খান বলেন, ‌‘ক্ষতিগ্রস্ত হারুন একটি অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করে সত্যতা পেয়েছি। ভুক্তভোগী চাইলে আমরা এ বিষয়ে মামলা নেব।’ ঘটনার পর অভিযুক্ত জানে আলমের বিরুদ্ধে তার স্ত্রীও থানায় একটি অভিযোগ করেছেন বলে জানান তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ