বাংলাধারা প্রতিবেদন »
আসন্ন কোরবান উপলক্ষে নগরজুড়ে বসবে পশুর হাট। আর পশুর হাটে মানুষের বাড়তি ভিড় লেগেই থাকে। এর ফলে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিকে পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনার সংক্রমণ রোধে নগরীর পশুর হাটগুলোতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কোথাও অনিয়ম পেলে দায়ীদের জেল-জরিমানা করা হবে।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম জানান, এক পরিবারের কয়েকজন মিলে পশুর হাটে যাওয়ার একটা প্রচলন রয়েছে। সবাই মিলে হাট থেকে পশু কেনার মধ্যে একটা আলাদা আনন্দ রয়েছে। কিন্তু উৎসবে মন দিয়ে বর্তমান করোনা পরিস্থিতির কথা আমাদের ভুলে গেলে চলবে না। আর পশুর হাটে যেহেতু জনসমাগম বেশি হয়, কাজেই সেখান থেকে করোনা সংক্রমণের হার বাড়ার সম্ভাবনা বেশি। তাই এবার হাটে ভিড় বা বেশিক্ষণ অবস্থান করা যাবে না।
তিনি বলেন, নগরে পশুর হাটে ভিড় কমাতে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে বাড়তি হাট বসানো হবে। এসব হাটে একটি পশু কিনতে দুইজনের বেশি আসতে পারবেন না।
এদিকে চট্টগ্রামের মোট ৭টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষায় নতুন করে সংক্রমণ পাওয়া গেছে ২৯২ জনের। নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা ২৩২ জন। ৬০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১০ হাজার ১৮০।
গত চব্বিশ ঘণ্টায় মহানগরীতে এক জনের মৃত্যু হয়েছে । আর জেলায় মারা গেছেন ৫ জন। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা ১৯৫ জন।
সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ১৫৮ জন । এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ২১৬ জন। বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ ৪ হাজার ১৬১ জন। মোট সুস্থ ৬ হাজার ৩৭৭ জন।
বাংলাধারা/এফএস/টিএম












