২০ মার্চ ২০২৬

পাওয়ার গ্রিডে ফের আগুন, বিদ্যুৎহীন ময়মনসিংহ

বাংলাধারা ডেস্ক »

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ময়মনসিংহের কেওয়াটখালি উপকেন্দ্রে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো বিভাগ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

অগ্নিকাণ্ডের পর থেকে পুরো বিভাগে (নেত্রকোণা-শেরপুর-জামালপুর-ময়মনসিংহ) বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ ঠিক হবে এই মুহূর্তে বলতে পারছেন না সংশ্লিষ্টরাও।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবুল হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

গত মঙ্গলবারও কেওয়াটখালী পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পুরো বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরদিন বুধবার দুপুরে ময়মনসিংহ বিভাগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন