বাংলাধারা প্রতিবেদন »
পাথরঘাটা ব্রিকফিল্ড রোডে গ্যাসলাইন বিস্ফোরণে হতাহতের স্বজনদের সান্ত্বনা দিতে দুর্ঘটনাকবলিত স্থানে গেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে শিক্ষা উপমন্ত্রী পাথরঘাটায় ব্রিকফিল্ড রোডের দুর্ঘটনাকবলিত স্থানে পৌঁছান।
এসময় তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। পরে তিনি নিহত পরিবারকে এক লাখ টাকা করে এবং আহতদের চিকিৎসার জন্য প্রত্যেককে ২০ হাজার টাকা স্বজনদের হাতে তুলে দেন এবং আহতদের চিকিৎসার খোঁজখবরও নেন। প্রয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও সাহায্য দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

এসময় নওফেল বলেন, প্রধানমন্ত্রী এ দুর্ঘটনা নিহতদের স্বজনদের ও আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখছেন।
শিক্ষা উপমন্ত্রী সাংবাদিকদের বলেন, ইতোমধ্যে ঘটনার তদন্তে একাধিক তদন্ত টিম কাজ করছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের তদন্ত প্রতিবেদন জমাও দিয়েছে। সব প্রতিবেদন জমা হলে ঘটনার প্রকৃত কারণ, এ ধরনের ঘটনা প্রতিকারের উপায় বা সুপারিশ পাওয়া যাবে। দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে নগরবাসীর সচেতনতা সবচেয়ে বেশি জরুরি বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, নগরের পুরনো ভবনগুলোর গ্যাস, বিদ্যুৎ সংযোগ লাইন ইত্যাদি পরীক্ষা করা উচিত। একই সঙ্গে সিডিএর নকশা অনুমোদন, অনুমোদিত নকশা অনুযায়ী ভবন তৈরি হয়েছে কিনা ইত্যাদিও নজরদারির আওতায় আনতে হবে।
প্রসঙ্গত, রোববার (১৭ নভেম্বর) সকালে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডে বড়ুয়া ভবনের নিচতলায় বিস্ফোরণে নারী, শিশু, পথচারী, রিকশাচালকসহ ৭ জন নিহত হন। আহত হন প্রায় ১৫ জন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












