খাগড়াছড়ি প্রতিনিধি »
সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৫ ইউপির ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এরমধ্যে চারটি ইউনিয়ন পরিষদের বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে। তারমধ্যে তিনটিতে স্বতন্ত্র, একটিতে নৌকা ও আরেকটির ফলাফল স্থগিত রয়েছে। বিজয়ী প্রার্থীরা হলেন— জয়কুমার চাকমা, আনন্দ জয় চাকমা, ভূমি ধর রোয়াজা এবং আহির উদ্দিন।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে পানছড়ি উপজেলার লোগাং, চেঙ্গী, লতিবান ও উল্টাছড়ি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। পানছড়ি সদর ইউপি’র পাইলট ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাজার মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট, ব্যালট ছিনতাইয়ের অভিযোগে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
উপজেলা নির্বাচনী ফলাফল কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, ১ নম্বর লোগাং ইউপিতে স্বতন্ত্র প্রার্থী জয় কুমার চাকমা অটোরিকশা প্রতীক নিয়ে ৩ হাজার ৯০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সমর বিকাশ চাকমা পান ২ হাজার ৮০৪ ভোট। ২ নম্বর চেংগী ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আনন্দ জয় চাকমা মোটরসাইকেল প্রতীক নিয়ে ১ হাজার ৪৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নিহার বিন্দু চাকমা পেয়েছেন ১ হাজার ২৮০ ভোট।
৪ নম্বর লতিবান ইউপিতে স্বতন্ত্র প্রার্থী ভুমিধর রোয়াজা চশমা প্রতীক নিয়ে ২ হাজার ৭১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সত্য প্রিয় চাকমা পায় ২ হাজার ৬৭৩ ভোট। ৫ নম্বর উল্টাছড়ি ইউপির মো. আহির উদ্দিন নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ৩০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজয় চাকমা আনারস প্রতীক নিয়ে পান ৩ হাজার ৭৫৯ ভোট।
অপরদিকে, ৩ নম্বর পানছড়ি ইউপি’র ১০টি কেন্দ্রের মাঝে ৮টির ফলাফলে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে উচিত মনি চাকমা ৫ হাজার ৬৪৩ ভোট এবং নৌকা প্রতীক নিয়ে মো. নাজির হোসেন ৪ হাজার ৪১৯ ভোট পেয়েছেন। স্থগিত হওয়া কেন্দ্র দুটিতে ভোটার সংখ্যা রয়েছে ৪ হাজার ৬২৮।












