আনোয়ারা প্রতিনিধি »
পারকি সৈকতের মদ বিক্রির আস্তানা গুড়িয়ে দিল কর্ণফুলী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়।
এ সময় ঘটনাস্থলে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের পাওয়া যায়নি। অভিযানের কথা জানতে পেরে আগেই তারা গা ঢাকা দেয়।
গত কয়েকদিন আগে পারকি সৈকতে বেড়াতে এসে ভেজাল মদ খেয়ে দুই পর্যটকের মৃত্যু হয়। এছাড়া অপর তিনজন অসুস্থ হয়ে চমেক হাসপাতালে ভর্তি রয়েছেন। এনিয়ে স্থানীয় ও বিভিন্ন জাতীয় পত্রিকায় একাধিক রিপোর্ট প্রকাশিত হয়। ফলে নড়েচড়ে বসেন পুলিশ প্রশাসন।
একদিন পর কর্ণফুলী থানা পুলিশ পারকি সৈকতের শীর্ষ মাদক ব্যবসায়ী সেলিমকে গ্রেফতার করে। তবে মাদকের মূল হোতা নাছিম ও তার সহযোগীদের এখনো গ্রেফতার করা যায়নি।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেয়া কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) ইয়াছির আরাফাত জানান, ইতিমধ্যে আমরা একজনকে গ্রেপ্তার করেছি। নাছিম ও তার সহযোগীদের গড়ে তোলা রেস্তোঁরার নামে মাদকের আস্তানা গুলো গুড়িয়ে দিয়েছি।
তিনি আরো জানান, সৈকতে মাদকের এমন অবাধ বেচাকেনা আমাদের জানা ছিলনা। সামনের পর্যটন মৌসুমকে ঘিরে মাদকব্যবসায়ী চক্র সক্রিয় হয়ে উঠেছিল।
জানতে চাইলে কর্ণফুলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, পাররি সৈকতে মাদক ব্যবসায়ীদের কনোভাবেই ছাড় দেয়া হবেনা। এ ধরণের অভিযান নিয়মিত চলবে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












