২৩ মার্চ ২০২৬

পারিবারিক কলহের জের— ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা করল স্ত্রী

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং ক্যাম্পে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা করেছেন স্ত্রী।

শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে ক্যাম্পে ওই দম্পতির নিজ বাসায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক। এ ঘটনায় ঘাতক স্ত্রীকে আটক করেছে পুলিশ।

নিহত মো. সৈয়দুর রহমান (৩২) টেকনাফের ক্যাম্প-২২ (উনচিপ্রাং)’র ব্লক-সি/২ এর হামিদুর রহমানের ছেলে। তার এফসিএন-২৪৪২৮৫। হত্যায় ব্যবহৃত অত্যাধুনিক একটি দা জব্দ করেছে পুলিশ।

এসপি তারিক জানান, বেশ কিছুদিন ধরে রোহিঙ্গা দম্পতি সাজিদা বেগম (২৩) ও সৈয়দুর রহমান (৩২)’র মাঝে পারিবারিক কলহ চলে আসছে। এরই জেরে স্ত্রী তার স্বামীকে হত্যা করে। জুমার নামাজের পর বাড়িতে ঘুমাচ্ছিলেন স্বামী সৈয়দ। বেলা পৌনে ৩টার স্ত্রী সাজিদা স্বামী সৈয়দুর রহমানকে ঘুমন্ত অবস্থায় দা-দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আশপাশের রোহিঙ্গারা তাৎক্ষণিক ভিকটিম সৈয়দকে ক্যাম্প অভ্যন্তরের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনার পর পরই এপিবিএন অফিসার ও ফোর্স দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে রোহিঙ্গা ঘাতক নারীকে আটক করে। মরদেহ ও আটককে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘাতক স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের পর ঘটনার মূল রহস্য উদঘাটনে কাজ করবে পুলিশ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ