১৩ মার্চ ২০২৬

পাসের হারে এগিয়ে মেয়েরা

বাংলাধারা প্রতিবেদন »

২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার পাসের হার ও সংখ্যা দু’দিক থেকেই এগিয়ে রয়েছে মেয়েরা। এবারের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৮২ দশমিক ৮৭ শতাংশ। মেয়েদের পাসের হার ৮৪ দশমিক ১০ শতাংশ। আর ছেলেদের পাসের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ।

এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হয় ৩ ফেব্রুয়ারি, শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশে ১০টি শিক্ষাবোর্ডের আওতায় এবারের এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ পরীক্ষার্থী অংশ নেয়।

সকল শিক্ষা বোর্ডের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১০ লাখ ২১ হাজার ৪৯০ জন ছাত্র অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করেছে ৮ লাখ ৩৩ হাজার ৮৯২ জন। বিপরীতে ফেল করেছে ১ লাখ ৮৭ হাজার ৫৯৮ জন।

অপরদিকে ১০ লাখ ১৮ হাজার ৫৩৮ জন ছাত্রী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৮ লাখ ৫৬ হাজার ৬৩১ জন। আর ফেল করেছে ১ লাখ ৬১ হাজার ৯০৭ জন।

রোববার (৩১ মে) সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেয়া হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সেখানে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

এবার যশোর বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৩১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৭০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩ জন, কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ২২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৫৪ জন, সিলেট বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৬২ জন, ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮০ দশমিক ১৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৪৩৪ জন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ