২৬ মার্চ ২০২৬

পাহাড়ে অস্ত্র ও সন্ত্রাস নির্মূলে সরকারের হস্তক্ষেপ দাবি

খাগড়াছড়ি প্রতিনিধি»

আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে সরকার বিরোধী শক্তির সাথে আতাঁত করে পাহাড়ের সন্ত্রাসী গোষ্ঠী আবারও সক্রিয় হয়ে উঠেছে। ইউপিডিএফ সহ পাহাড়ের সকল অস্ত্রধারী সংগঠন নির্মূলে সরকারের জোরালো হস্তক্ষেপ দাবি করেছেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে।

সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সনজিব ত্রিপুরার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় জেলা শহরের মুক্তমঞ্চে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে পৌর আওয়ামীলীগ, জেলা শ্রমিক লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা অবিলম্বে সনজিব ত্রিপুরার ওপর হামলাকারী সন্ত্রাসীদের শাস্তির আওতায় আনা সহ পাহাড়ে অস্ত্রের ঝনঝনানি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার অনুরোধ জানান।

প্রসঙ্গত, শুক্রবার সকালে জেলা সদরের চেলাছড়া এলাকায় নির্মাণাধীন যাত্রী ছাউনীর কাজে চাঁদা দাবি করতে আসে ইউপিডিএফ’র সশস্ত্র কয়েকজন কর্মী। এ সময় কাজ বন্ধ করে দিতে চাইলে বাধা দেয় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সনজিব ত্রিপুরা। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা তাকে মারধর করে। স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
তবে এ ঘটনায় এখনও কোন অভিযোগ পায়নি বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ রশীদ।

আরও পড়ুন