কক্সবাজার প্রতিনিধি »
জীবন বাঁচাতে রক্তদান, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরােপন ও প্লাস্টিক ব্যবহার নিয়ন্ত্রণের বার্তা নিয়ে পায়ে হেঁটে পুরো দেশ ঘুরে এসেছেন উদ্যমি তরুণ সাইফুল ইসলাম শান্ত। ৭৫ দিনে তিন হাজার কিলোমিটার অতিক্রম করে মঙ্গলবার (২৯ মার্চ) কক্সবাজারে এসে পৌঁছান কুমিল্লার এই তরুণ আইকন। বিকাল ৫টায় কক্সবাজার পৌঁছলে শহীদ মিনারে তাকে সংবর্ধনা দেয়া হয়।
জীবন বাঁচাতে রক্তদান, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরােপন ও প্লাস্টিক ব্যবহার নিয়ন্ত্রণের বার্তা পৌঁছে দেয়াই ছিলো এ্যাথলেট সাইফুল ইসলাম শান্তের লক্ষ্য।
শান্ত জানান, গত ১৪জানুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরু করেছিলেন । সেখান থেকে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় হয়ে সর্ব দক্ষিণের জেলা কক্সবাজারের অভিমূখে যাত্রা করেন। দেশ ভ্রমণকালে শান্ত প্রত্যেক জেলায় বৃক্ষরােপণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেছেন।
২০১৬ সালে পথযাত্রা শুরু করেছিলেন সাইফুল ইসলাম শান্ত। তিনি ইতিমধ্যে হেঁটে দেশের ১৬টি জেলার ১০০০ কিলােমিটার কুমিল্লা থেকে বাংলাবান্ধা পথ অতিক্রম করেছিলেন।
এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গত ২০নভেম্বর ২৪ ঘন্টায় ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ১০০ কিলােমিটার হাঁটার একটি সচেতনতামূলক কর্মসূচি।
পুরো দেশ ঘুরে বেশ উচ্ছ্বসিত সাইফুল ইসলাম শান্ত। এবার তিনি বেরিয়ে পড়তে যান বিশ্ব ভ্রমণে।
কক্সবাজারে পৌঁছলে এথলেট সাইফুল ইসলামকে সংবর্ধণা দেন দেশের আয়রনম্যান এবং প্রখ্যাত সাঁতারু দৌড়বিদরা।
পরে সেখান থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে সংবর্ধণা দেন জেলা প্রশাসক মোঃ মামুনুরর রশীদ এসময় তারা সাইফুল ইসলাম শান্তর এই পথযাত্রাকে সাধুবাদ জানিয়েছেন।
সাইফুল ইসলাম শান্ত দেশের বৃহৎ রানিং গ্রুপগুলাের সক্রিয় সদস্য এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ‘দেবিদ্বার রানার্স’ নামে দু’ হাজার সদস্যের একটি রানিং গ্রুপ পরিচালনা করে আসছেন।












