১৫ মার্চ ২০২৬

পিউরিয়া ফুডের ভেজাল ফাঁস; জরিমানা ১৩ লাখ

ভেজাল, নিম্নমানের উপাদান ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে চট্টগ্রামের খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘পিউরিয়া ফুড প্রোডাক্টস লিমিটেড’-কে ১৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হাফিজ উদ্দিনসহ তিনজনকে আটক করে পাহাড়তলী থানায় সোপর্দ করা হয়। পরে রাতে জরিমানার অর্থ পরিশোধ করা হলে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়।

শনিবার (১৪ মার্চ) চট্টগ্রাম মহানগরের বিশুদ্ধ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নগরের পিউরিয়া ফুড প্রোডাক্টস লিমিটেডে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণে চরম অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র উঠে আসে।

উল্লেখ্য, পিউরিয়া ফুড প্রোডাক্টস লিমিটেড খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ফুলকলি’-র ব্যবস্থাপনা পরিচালকের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।

পরিদর্শনে দেখা যায়, রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে তেলাপোকা ও ইঁদুরের ব্যাপক উপদ্রব রয়েছে। ফ্লোর স্যাঁতসেঁতে ও তৈলাক্ত অবস্থায় ছিল। এছাড়া পচা ও পোকাযুক্ত ডিম মজুদ, ফ্রিজারের ভেতরে রক্ত ও মাংসের উচ্ছিষ্ট জমাট বাঁধা, মিষ্টিজাতীয় খাদ্যে পোকা-মাছির উপস্থিতি এবং মাওয়ায় ক্ষুদ্র অ্যালুমিনিয়ামের কণা পাওয়া যায়।

এছাড়া খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি না মানা, পণ্যে অসম্পূর্ণ লেবেলিং এবং অগ্রিম উৎপাদনের তারিখ উল্লেখসহ বিভিন্ন অনিয়মও ধরা পড়ে। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন-২০১৩-এর ২৫, ২৮, ৩২(ক), ৩২(খ) ও ৩৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে প্রায় ১২০ কেজি অস্বাস্থ্যকর ও অনুপযোগী মিষ্টিজাতীয় খাদ্যদ্রব্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। পাশাপাশি মেয়াদে কারচুপির অভিযোগে প্রায় ৫০ ক্যারেট বেকারি পণ্য—ব্রেড, বিস্কুট, টোস্ট ও সেমাই জব্দ করা হয়। পরে এসব পণ্য জামিয়া মাদানিয়া শোলকবহর মাদ্রাসা এবং আল হুমায়রা মহিলা মাদ্রাসা ও হেফজখানার এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ