১৭ মার্চ ২০২৬

পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে চাই: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক »

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা চান ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জেলেনস্কি মনে করেন পুতিনের সঙ্গে সরাসরি আলোচনাই চলমান যুদ্ধ বন্ধের একমাত্র পথ।

রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি গতকাল জানায়, পুতিনের সঙ্গে সরাসরি কথা বসতে জেলেনস্কি প্রস্তুত আছেন বলে ইঙ্গিত দিয়েছেন।

তিনি মনে করেন, ‘প্রতিবেশী’ হিসেবে তারা ২ জন আলোচনায় বসে সংঘাত নিয়ে কথা বলতে পারেন।

আরটির প্রতিবেদন মতে, জেলেনস্কি কী বিষয় নিয়ে কথা বলতে চান তা নিয়ে ধোঁয়াশা আছে।

এতে আরও বলা হয়, আলোচনার প্রস্তাব দিয়ে পুতিনকে লক্ষ্য করে জেলেনস্কি গণমাধ্যমকে বলেছেন, ‘আমাদের কাছে আপনি কী চান? আমাদের দেশ ছেড়ে চলে যান। আপনি তো এখন ইউক্রেন ছাড়তে চান না, তাহলে আলোচনায় বসুন। আমি প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে বসুন। ৩০ মিটার দূরত্ব রেখে নয়। যেমনটি করেছিলেন (ফরাসি প্রেসিডেন্ট) মাখোঁ, (জার্মান চ্যান্সেলর) সোলজ বা অন্যদের সঙ্গে। আমি আপনার প্রতিবেশী। আমি ৩০ মিটার দূরত্ব রাখার প্রয়োজন মনে করি না।’

প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়া দীর্ঘদিন ধরে নিরাপত্তার বিষয়ে ইউক্রেনের কাছ থেকে যে নিশ্চয়তা চাচ্ছে সে প্রসঙ্গে জানতে চাওয়া হলে জেলেনস্কি তা খারিজ করে দেন। এ বিষয়ে ইউক্রেনের কিছু বলার নেই বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন