৩০ মার্চ ২০২৬

পুলিশের কাছে নির্দ্বিধায় এসে সেবা নিয়ে যাওয়ার আহ্বান পুলিশ প্রধানের

রাঙামাটি প্রতিনিধি »

‘আমরা জনগণের পুলিশ হতে চাই, আপনাদের পুলিশ হতে চাই। দেশের যে কোন মানুষ পুলিশের কাছে নির্দ্বিধায় আসবেন এবং হাসিমুখে সেবা নিয়ে যাবেন।’

বুধবার (৪ মার্চ) বিকেলে রাঙামাটি জেলা নিউ পুলিশ লাইন্স (সুখী নীলগঞ্জ) মাঠে জেলা পুলিশ’র আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এসব কথা বলেন।

জাবেদ পাটোয়ারী আরো বলেন, বাংলাদেশ পুলিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাসের প্রতি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দেশ থেকে এসব নির্মূলে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে পুলিশ। আমাদের প্রতিটি সহকর্মী বাংলাদেশ থেকে মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞ।

রাঙামাটি পুলিশ সুপার আলমগীর কবিরের (পিপিএম সেবা) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী হাবিবা জাবেদ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম, ৩০৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাইনুর রহমান এসইউপি পিএসসি, রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ ও রাঙামাটি জেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা ও অন্যান্য পদবীর পুলিশ ও পরিবারবর্গ এবং এলাকার হেডম্যান কারবারীগণ।

এছাড়াও অনুষ্ঠানে সামরিক ও বেসামরিকের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন