১৮ মার্চ ২০২৬

পুলিশ হত্যা মামলায় যুবকের কারাদণ্ড

বাংলাধারা প্রতিবেদন»

নগরীর চান্দগাঁও থানার হাবিলদার মো.ইদ্রিস মিয়া হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (১৫ নভেম্বর) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

রায়ের সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো.জাকের হোসেন প্রকাশ জাকির হোসেন (৩০) নোয়াখালীর হাতিয়া থানার পণ্ডিত গ্রামের মৃত মোবাশ্বের আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা পুলিশ লাইনের হাবিলদার মো.ইদ্রিস মিয়া ২০০৬ সালের ২৭ ডিসেম্বর তিন দিনের ছুটিতে চট্টগ্রামে আসেন। সিএনজি অটোরিকশা নিয়ে গন্তব্যে যাওয়ার পথে তিনি ছিনতাইকারী চক্রের কবলে পড়েন। ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মো.ইদ্রিস মিয়ার মরদেহ চান্দগাঁও থানাধীন সিএন্ডবি বিসিক এলাকার গাছতলা রোড থেকে উদ্ধার করা হয়।  

এ ঘটনায় চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) কে এম পেয়ার আহমেদ বাদী হয়ে মামলা করেন। মো.জাকের হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ মামলায় আদালতে ২১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।  

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, পুলিশ হত্যা মামলায় জাকের  হোসেন নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় আদালতে আটজনের বিরুদ্ধে চার্জ গঠন করা হলেও অন্য সাতজনকে খালাস দিয়েছেন আদালত। এদের মধ্যে চারজন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন