১৮ মার্চ ২০২৬

পূর্ণিমার ঝলমলে আলোতে অমাবস্যার অন্ধকার দেখে বিএনপি- ওবায়দুল কাদের

বাংলাধারা প্রতিবেদক »

১২ বছর আগে পিছিয়ে পড়া এক বাংলাদেশ, আর ১২ বছরে এই বাংলাদেশ আলোর পথের দিকের যাত্রী। এই বাংলাদেশ এক বদলে যাওয়া বাংলাদেশ। যে বাংলাদেশকে আজকে সারাবিশ্ব সমীহ করে। ভাবতেই পারেন, করোনার এই মহামারিতেও বাংলাদেশ আজকে তিন তিনটা দেশকে ঋণ দিয়েছে। প্রত্যেকটি সূচকে আমরা আজকে পাকিস্তানের চেয়ে এগিয়ে, পাকিস্তানকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছি। কাজেই বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশের তকমা নিয়ে এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শনিবার (১৯ জুন) নগরের লালখান বাজার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নগর স্বেচ্ছাসেবক লীগের ভার্চুয়াল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, কিন্তু বাংলাদেশের একটা মহল এই উন্নয়ন দেখতে পারে না। এই দলটি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। এই দলটি পূর্ণিমার ঝলমলে আলোতে অমাবস্যার অন্ধকার দেখে। এই দলটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

চট্টগ্রামে সড়ক ও সেতুর উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম চার লেন করেছি। ফুলে ফুলে শোভিত এই রাস্তা। সবাই প্রশংসা করে এই রাস্তার। চট্টগ্রামে আমরা চার লেনের রাস্তা করেছি। আজকে চট্টগ্রামে কর্ণফুলীর বঙ্গবন্ধু টানেলের কাজ ৬৯ শতাংশ রয়ে গেছে। ইনশাআল্লাহ আগামি বছর কর্ণফুলী টানেল, দক্ষিণ এশিয়ার একমাত্র নদীর তলদেশে টানেল- এটি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা উদ্বোধন করবেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন