২১ মার্চ ২০২৬

এবার লবণ নিয়ে লঙ্কাকাণ্ড

ইফতেখার হোসেন »

পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে তোলপাড়ের পর এবার লবণ নিয়ে গুজব ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে লবণের দাম বেড়ে যাচ্ছে এমন খবর ছড়িয়ে পড়ে পুরো নগর জুড়ে। এতে সোমবার সন্ধ্যা থেকে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন নগরীর ভোগ্যপণ্যের দোকানগুলোতে।

বাড়তি চাপে নিমিষেই ফুরিয়ে যায় নগরীর বিভিন্ন দোকানের লবণের স্টক। আবার অনেক ব্যবসায়ী বেশি দামে বিক্রির জন্য লবণ মজুদ করে রাখেন বলেও অভিযোগ ওঠেছে। বন্দর নগরী ছাড়াও পুরো দেশজুড়ে লবণ নিয়ে চলছে এই লঙ্কাকাণ্ড।

এই অবস্থায় আগামীকাল বুধবার (২০ নভেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসক এখানকার লবন মিল মালিক সমিতি, বিসিক ও সংশ্লিষ্টদের নিয়ে জরুরী এক সভা ডেকেছেন। সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে৷ দেশে লবন ঘাটতি রয়েছে এমন একটি সংবাদ হঠাৎ ব্যাপক প্রচার পেয়েছে মর্মে এই বৈঠকের আয়োজন করা হচ্ছে।

প্রশাসন বলছে, লবণের দাম বৃদ্ধির খবর পুরোটাই গুজব। কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গুজব ছড়াতে পারে। ব্যবসায়ীরাও জানিয়েছেন, লবণের চাহিদামাফিক সরবরাহ আছে। শিগগিরই দাম বাড়ার আশঙ্কা নেই। তবে ব্যবসায়ীরা এমনটি দাবি করলেও সোমবার রাতেই অনেক দোকানে বাড়তি দামে লবণ বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

এদিকে গুজবকে কেন্দ্র করে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সরকারি সংশ্লিষ্ট দপ্তরের একাধিক প্রতিষ্ঠান। বাজারে নিত্য-প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কোন নিত্য-প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়তে পারে এমন গুজবে কান না দেয়ার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, লবণ কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। বেশিরভাগ মুদি দোকানেরই মজুদ ফুরিয়ে গেছে। দোকানে লবণ না পেয়ে ক্রেতাদের আক্রমণাত্মক আচরণ করতেও দেখা গেছে।

তবে সব ক্রেতারই দাবি, লবণের দাম বাড়তে যাচ্ছে এমন খবর শুনেছেন। তাই লবণ কিনতে এসেছেন তারা। তবে কোথায় এমন সংবাদ শুনেছেন একথা কেউ বলতে পারেননি। এদিকে গত দু’দিন ধরে লবণ নিয়ে ফেসবুক দুনিয়ায় আলোচনার ঝড় চলছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন