১৭ মার্চ ২০২৬

পেকুয়ায় অস্ত্র-গোলাবারুদসহ ৯ মামলার আসামি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে জালাল নামে ৯ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোররাতে প্রতিবেশী জহিরের ঘরে লুকানো অবস্থায় গ্রেফতার করা হয়। র‌্যাব-১৫’র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) এএসপি মো. বিল্লাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার জালাল আহমদ (৩২) পেকুয়ার রাজাখালীর ৫নং ওয়ার্ডের উত্তর সুন্দরীপাড়ার মো. শরীফের ছেলে। তাকে আনসারুল ইসলাম টিপু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে দাবি করেছে র‌্যাব।

এএসপি বিল্লাল উদ্দিন জানান, কক্সবাজারের পেকুয়ায় টিপু বাহিনী নিরীহ জনতার উপর লুটপাট, চিংড়ির প্রকল্প দখল, চাঁদাবাজি, হত্যা ও জখমসহ নানাবিধ অপকর্ম করে। তা বাহিনীর সেকেন্ডম্যান জালালের মাধ্যমেই পরিচালিত হতো। সোর্সে এ খবর পেয়ে র‍্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল বৃহস্পতিবার ভোর রাত আড়াইটার রাজাখালী অভিযান চালিয়ে প্রতিবেশীর ঘর হতে গ্রেফতার করে।

তিনি আরও জানান, তার দেখানো মতে ঘরের উত্তরমুখী পুকুরের পার্শ্বে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৩টি এসবিবিএল, ২টি ফ্লিন্টলক গান, একটি দেশীয় পিস্তল, ৮ রাউন্ড কার্তুজ, ১ রাউন্ড খালি খোসা, ৩টি রামদা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল স্বীকার করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিক্রয়ের লক্ষ্যে অস্ত্র-গোলাবারুদগুলো নিজ হেফাজতে লুকিয়ে রেখেছিল।

তার মতে, ধৃতের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মারামারি, জোর দখল, চুরি, ডাকাতি, মারাত্বক জখম, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। যার মধ্যে ৩টি মামলায় তার গ্রেফতারি পরোয়ানা বিদ্যমান। তার বিরুদ্ধে পেকুয়া থানায় ২টি এবং চকরিয়া থানায় ১টি সাধারণ ডায়েরি রয়েছে।

আইনি ব্যবস্থা নিতে গ্রেফতার জালালাকে কক্সবাজারের পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন