৩১ মার্চ ২০২৬

পোষাক শ্রমিককে পিটিয়ে হত্যা, রামপুরায় পুলিশ-শ্রমিক সংঘর্ষ

বাংলাধারা ডেস্ক »

রাজধানীর পশ্চিম হাজীপাড়া এলাকার ইজি ফ্যাশন নামে একটি পোষাক কারখানায় দেলোয়ার নামে এক গার্মেন্টসকর্মীকে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় রামপুরা সড়ক অবরোধ করেছে ওই কারখানার শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে তিনটার পর থেকে রামপুরা সড়কে অবস্থান নেয় শ্রমিকেরা। বিকেল চারটার পর পুলিশ তাদের সড়ক থেকে সরে যেতে বললে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এখনো পুলিশ শ্রমিক সংঘর্ষ চলছে।

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পুলিশ দেলোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার উপ পরিদর্শক (এসআই) অনাথ মিত্র জানান, খবর পেয়ে পশ্চিম হাজীপাড়ার ইজি গার্মেন্টসের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়। ওই গার্মেন্টসের জিনিস চুরি করছিলো এমন অভিযোগে গার্মেন্টসের ভেতরেই তাকে গণপিটুনি দেয়। একইসঙ্গে ওই গার্মেন্টসের সিকিউরিটি গার্ড মইনকেও (২৮) গণপিটুনি দেয় তারা। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন