১৩ মার্চ ২০২৬

প্রকৃতিতে শীতের আমেজ

ওমর শরীফ »

“হিম হিম শীত শীত,
শীত বুড়ি এলোরে,
কনকনে ঠান্ডায়
দম বুঝি গেলোরে।”

কবির ছন্দের মতোই অভূতপূর্ব বৈচিত্র্যময় শীতকাল। ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে। বাতাসে হিমেল অনুভূতি। হেমন্তের বিদায়ের প্রহরে শীতের গুছিয়ে বসার তুমুল তোড়জোড়ের প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে নিসর্গের ওপর। আর এ নৈসর্গিক রূপবদলের ছাপ দৈনন্দিন জীবনের পুরো চিত্রকে পাল্টে দেয়ার জন্যও নিচ্ছে বিপুল প্রস্তুতি।

আমাদের অনেকেরই প্রিয় ঋতু শীতকাল। শীতের সকালে লেপ মুড়ি দিয়ে ঘুমোতে কে না ভালোবাসে ! শীতের ঠান্ডা আবহাওয়া ,শিশির ভেজা সকাল, বিষন্ন বিকেল, বৈচিত্রময় পোশাক, মজার মজার পিঠার সমাহার, শাক সবজির প্রাচুর্য, ফুলের বাহার, অতিথি পাখির আগমন, ভ্রমণ সব মিলিয়েই শীতকাল অনেক উপভোগ্য। শীতের উষ্ণতার পরশ ছড়িয়ে পড়ে সবস্থানে ।

শীতে প্রকৃতির বদলে যাওয়া ছবিটা দেশজুড়েই বিস্তৃত থাকে পুরো শীতকালজুড়ে! কী গ্রাম, কী নগর বা শহর। সর্বত্রই ঠাণ্ডা হাওয়া বয়ে যেতে থাকে প্রকৃতির নিয়ম অনুযায়ী। ভোরের শিশির ধোয়া পথের অদূরে গাছ-গাছালির ফাঁক গলিয়ে যখন কুয়াশাচ্ছন্ন মিষ্টি রোদের দেখা মিলে, তখন মনে হবে যেন এর চেয়ে প্রত্যাশিত আর কিছু নেই।

তবুও নগরজীবনের শীত আর গ্রাম বাংলার শীতের মধ্যে রয়েছে কিছুটা ফারাক। গ্রামের পথে পথে শিশির ভেজা ঘাসে, আমনের ক্ষেতে গেলে সকালের নরম রোদ। কুয়াশার জাল ঘেরা সকাল-সন্ধ্যার রহস্য। গ্রাম্য উৎসবে ছেয়ে যাবে সারা বাংলার মাঠ-প্রান্তর। গ্রামে খেজুরের রস, আর খেজুরের গুড়ের ক্ষীরের ঘ্রাণ-সৃষ্টি করবে এক ভিন্ন মাত্রা। ভাপা, পুলি, নকশি, চিতই, বিবি সাহেবসহ অভিজাত নানা পদের পিঠা এবং সুগন্ধি চালের পায়েস আর ক্ষীর। ভ্রমণ পিপাসুরা শীতের নিবিড় সান্নিধ্য উপভোগ করতে দূর পাহাড় কিংবা সমুদ্রের কাছে চলে যাবে।

প্রকৃতির সাথে বদলে যায় জীবনের মূহুর্ত। বাঙালির জীবনের এই রংবেরঙের ঘূর্ণায়মাণ ঋতু বৈচিত্র্যের স্বাদ এক ভিন্ন আনন্দকে ছড়িয়ে দিয়ে যায়। শীতের দিনগুলো প্রকৃতির ক্যানভাসে এঁকে দেবে শিশিরস্নাত রৌদ্রের কোমল তুলিতে।

শীতে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হন নিম্ন আয়ের এবং রাস্তার পাশে বসবাসকারী মানুষেরা। এইসব মানুষ আমাদের সমাজের একটা বড় অংশ জুড়ে রয়েছে। এই অংশটিকে প্রতি বছরই মানবিকতার ডাকে শীতবস্ত্র দিয়ে সাহায্য করে থাকে সবাই, আবদ্ধ করে ভালোবাসায় । শীতের তীব্রতার কাছে প্রতিবারের মতো এবারও জয় হোক ভালবাসার।

বাংলাধারা/এফএস/ওএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ