বাংলাধারা ডেস্ক »
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন শিথিলকে ডিবির সব দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনই তাকে প্রত্যাহার করা হয়নি।
শনিবার (৭ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
তিনি বলেন, ‘এডিসি গোলাম সাকলায়েন শিথিলকে তার ডিবির সব দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনই তাকে প্রত্যাহার করা হয়নি। তাকে প্রত্যাহারের বিষয়টি পুলিশ সদরদফতর থেকে অফিসিয়ালি সিদ্ধান্তের পর জানানো হবে।’
এর আগে দুপুরে ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘নায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ গোলাম সাকলায়েন শিথিলকে ডিবি থেকে সরিয়ে দেয়া হচ্ছে।’
এর আগে সকালে মালিবাগের সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. ওমর ফারুক বলেন, ‘ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের অনৈতিক সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখছে সিআইডি।’
তিনি বলেন, ‘৬ আগস্ট আমরা মামলার ডকেট বুঝে পেয়েছি, আসামির হেফাজতও বুঝে পেয়েছি। আসামিদের মধ্যে পরীমনি, মডেল মৌ, পিয়াসা ও নজরুল ইসলাম রাজ বর্তমানে সিআইডির হেফাজতে রয়েছে। তবে হেলেনা জাহাঙ্গীর ও মিশু হাসান বর্তমানে আমাদের হেফাজতে নেই। তারা অন্য মামলার তদন্তে ডিএমপির হেফাজতে।’
বাংলাধারা/এফএস/এআই












