১৭ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় জেনারেল হাসপাতালের উন্নয়ন সম্ভব হয়েছে : শিক্ষা উপমন্ত্রী

বাংলাধারা প্রতিবেদক »

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতাল আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত হাসপাতালে রুপান্তর হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) নগরীর আন্দরকিল্লার ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি একথা বলেন।

সভাপতির বক্তব্যে নওফেল বলেন, ‘এই উন্নয়নের ধারাবাহিকতায় আজকে এইখানে বিদ্যুৎ এর উচ্চ ক্ষমতা সম্পন্ন সাব স্টেশন স্থাপন করা হলো। তাই আজকের ব্যবস্থাপনা কমিটির সভা থেকে আমরা চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, ‘আমরা আশা করি, চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজে রুপান্তর করতে বঙ্গবন্ধুকন্যা সকল ধরনের সহযোগিতা করবেন।’

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. শেখ ফজলে রাব্বীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএমএ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, সিভিল সার্জন ডা. মো ইলিয়াস চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদুৎ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুম, কাউন্সিলর জহর লাল হাজারী, নুরুল আলম মিয়া, রুমকি সেনগুপ্ত প্রমুখ।

ব্যবস্থাপনা কমিটির সভা শেষে শিক্ষা উপমন্ত্রী নবনির্মিত সাব স্টেশন উদ্বোধন করেন। চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের সিইও ডা. বিদুৎ বড়ুয়া শিক্ষা উপমন্ত্রীর হাতে ফিল্ড হাসপাতালের পক্ষ থেকে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ও হাসপাতাল বেড হস্তান্তর করেন।

আরও পড়ুন