আনোয়ারা প্রতিনিধি »
প্রাইভেটকারের অতিরিক্ত চাকায় লুকিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা পাচারের পথে আনোয়ারায় পুলিশের কাছে ধরা পড়লো দুই মাদক কারবারি।
শনিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় কালাবিবি দিঘীর এলাকায় আনোয়ারা থানা পুলিশের বিশেষ অভিযানে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।
এসময় প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ আবদুল মজিদ (২৫) ও মো. সাইফুল (২৪) নামের দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ। সাথে প্রাইভেট কারটিও জব্দ করা হয়৷
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, কক্সবাজার থেকে যাত্রী নিয়ে একটি প্রাইভেট কার চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। এসময় কালাবিবি দিঘির মোড়ে পুলিশের সন্দেহ হলে প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এতে প্রাইভেট কারের অতিরিক্ত চাকায় লুকানো অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ দুজন মাদক কারবারিকে আটক করা হয়।
আটক দুজনকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি।












