বাংলাধারা প্রতিবেদন »
প্রতিষ্ঠানের নিয়ম-নীতি মেনেই ২০ জন এইড নার্স এবং ১৫ জন ক্লিনার-আয়াকে তাদের প্রাপ্য সমস্ত পাওনাদিসহ প্রযোজ্য প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুয়িটি পরিশোধ সাপেক্ষে কাজ থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (ইউএসটিসি) কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলাধারা’য় ‘করোনা সংকটে অজ্ঞাত কারণে কর্মী ছাটাই করল ইউএসটিসি’ নামক শিরোনামে সংবাদ প্রকাশিত হবার পর সোমবার (১৩ এপ্রিল) এক বিবৃতির মাধ্যমে কর্মী ছাটাইয়ের কারণ ব্যাখ্যা করে কর্তৃপক্ষ।
বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের পরিচালকের পাঠানো বিবৃতিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক রেফারেল হাসপাতাল পরিচালনার জন্য দক্ষ ডাক্তার ও দক্ষ স্টাফ নার্স নিয়োগ বাধ্যতামূলক। দক্ষ স্টাফ নার্স নিয়োগের জন্য ন্যূনতম যোগ্যতা হচ্ছে: ১) অনুমোদিত নার্সিং ইনস্টিটিউট থেকে প্রাপ্ত ডিপ্লোমা ইন্ নার্সিং, ২) বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি) কর্তৃক নিবন্ধন। এ লক্ষ্যে গত ২মাস আগে বিএনএমসি-নিবন্ধিত ও নার্সিং ডিপ্লোমাধারী ২১ জন যোগ্যতাসম্পন্ন স্টাফ নার্সকে বিবিএমএইচ কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করেছেন। যার প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের প্রাগুক্ত নির্দেশ মেনে ডিপ্লোমাধারী বিএনএমসি- নিবন্ধিত ও নিরাপদ যোগ্য স্টাফ নার্স নিয়োগের পরই পূর্বের ডিপ্লোমাবিহীন বিএনএমসি-অনিবন্ধিত, অযোগ্য ও অনিরাপদ ২০ জন এইড নার্সকে যথাবিহিতভাবে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।
ডিপ্লোমাধারী ও বিএনএমসি-রেজিস্টার্ড(নিবন্ধিত) স্টাফ নার্স ছাড়া বিবিএমএইচ-এর বাৎসরিক লাইসেন্স নবায়ন বন্ধ থাকবে বলে স্বাস্থ্য অধিদপ্তর বিবিএমএইচ কর্তৃপক্ষকে জানিয়েছেন। অতএব ডিপ্লোমাধারী ও বিএনএমসি-রেজিস্টার্ড স্টাফ নার্স নিয়োগের এবং পুরোবর্তী অদক্ষ, স্বাস্থ্যসেবা প্রদানে অযোগ্য এইড নার্সদের অব্যাহতির পরেই বিবিএমএইচ-এর লাইসেন্স নবায়ন হবে। উপরন্ত হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা সুষ্ঠুভাবে পরিচালনা করা অদক্ষ ও বয়ষ্ক ক্লিনার ও আয়াদের দ্বারা সম্ভব হচ্ছে না বিধায় প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী তাদেরকেও অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত হয়।
হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পেশাদারী ক্লিনিং কোম্পানীর সাথে চুক্তি-স্বাক্ষর সমাপ্তপ্রায়। বিবিএমএইচ কর্তৃপক্ষ উক্ত ২০ জন এইড নার্স এবং ১৫ জন ক্লিনার-আয়াকে তাদের প্রাপ্য সমস্ত পাওনাদিসহ প্রযোজ্য প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুয়িটি পরিশোধ সাপেক্ষে অব্যাহতি দিচ্ছেন।
বিবৃতিতে আরো বলা হয়, অব্যাহতি-প্রাপ্ত উক্ত এইড নার্সদেরকে উপর্যুক্ত সরকারী নীতি সম্পর্কে ২০১৯ সাল থেকে ক্রমাগত অবহিত করা হয়েছিল। এই অবহিতকরণের পরও তারা যোগ্যতার স্বাক্ষর রাখতে পারেনি এবং নার্সিং ডিপ্লোমা ও বিএনএমসি’র রেজিস্ট্রেশনের প্রমাণপত্র কর্তৃপক্ষের কাছে দাখিল করেনি।
স্বাস্থ্য অধিদপ্তরের বাধ্যতামূলক নির্দেশনা মেনে বিবিএমএইচ কর্তৃপক্ষ তাদেরকে যথাবিহিতভাবে ও সমস্ত আর্থিক প্রাপ্য পরিশোধসহ অব্যাহতির যে সিদ্ধান্ত নিয়েছেন তা কোনভাবে স্বেচ্ছাচারিতা নয়; বরং রোগীদের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সরকার-ঘোষিত আইন ও বিধি-বিধানের প্রতি অকুণ্ঠ আনুগত্যের পরিচায়ক।
একটি মানসম্মত স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র পরিচালনা ও নিরাপদ রোগ-নিরাময় প্রদানের মাধ্যমে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল (বিবিএমএইচ) মানবসেবায় সদা নিয়োজিত আছে এবং এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধুর ব্যক্তিগত চিকিৎসক খ্যাতনামা চিকিৎসাবিজ্ঞানী স্বাধীনতাপদক-প্রাপ্ত প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম জনকল্যাণ, উচ্চ শিক্ষা ও মানবসেবার ব্রত নিয়ে চট্টগ্রামে প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল (বিবিএমএইচ), আইএএইচএস, ইউএসটিসি। যার সুনাম এতদঞ্চল ছাড়িয়ে বিশ্বব্যাপী সমাদৃত। বিবিএমএইচ ইতোমধ্যে চট্টগ্রামে চিকিৎসা সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
বাংলাধারা/এফএস/টিএম












