কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ আওলিয়াবাদ গ্রামের এক বসতঘরে প্লাস্টিকের ড্রামে লুকানো ২ লাখ ৭৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (৬ ফেব্রুয়ারি) মাগরিবের আগে চালানো অভিযানে এসব ইয়াবা জব্দ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম।
এসময় বাড়ির মালিক হাসানকে (৫৪) আটক করা হয়েছে। তিনি ওই এলাকার চাঁদ মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, ইসলামাবাদের আওলিয়াবাদ এলাকার এক বসতবাড়িতে ইয়াবা মজুতের সংবাদে অভিযান চালানো হয়। অভিযানের শুরুতেই বাড়ির মালিক হাসানকে আটক করে নানাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে কিছুই স্বীকার না করলেও পরে তার দেখানো মতে ঘরের ভিতরে মাটির নীচে বিশেষ কৌশলে প্লাস্টিকের ড্রামে লুকানো এয়ার টাইট পলি ব্যাগ উদ্ধার করা হয়। পলি ব্যাগের ভেতর কসটেব মুড়ানো ২৭ কার্ড ইয়াবা মিলে। প্রতি প্যাকেটে ১০ হাজার পিস করে সেখানে মিলে ২ লাখ ৭০ হাজার এবং একটি ভাঙ্গা প্যাকেটে মিলে আরো ৪ হাজার পিস ইয়াবা। সব মিলিয়ে ইয়াবা বড়ি মিলেছে ২ লাখ ৭৪ হাজার পিস। ইয়াবা পরিবহনে জড়িত একটি সিএনজি অটোরিকশাও (কক্সবাজার থ-১১-৯৮২৬) জব্দ করা হয়।
এ ঘটনায় জড়িত বলে এলাকার কিছু জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী পরিচয়ে চলা যুবকসহ একটি চক্রের নাম এসেছে। তাদের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। এবং জড়িত চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন ওসি ডিবি। ইয়াবা জব্দ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।












