৩০ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে জায়গা দখলের অভিযোগে শত শত গাছ কাটার অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়িতে জায়গা দখলের অজুহাতে শত শত বনজ ও ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় রাঙ্গামাটিয়া রাবার বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে। কোনো ধরনের পূর্বঘোষণা বা নোটিশ ছাড়াই এসব গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। এতে তাঁদের প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় প্রতিকার ও সুষ্ঠু বিচারের দাবিতে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগপত্র সূত্রে জানা গেছে, ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া রাবার বাগানসংলগ্ন এলাকায় কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে বংশপরম্পরায় জমি ভোগদখল করে আসছে। ওই জমিতে আব্দুল জব্বার ও মোহাম্মদ আলীর মালিকানাধীন বাগানের কয়েকশ ফলদ ও বনজ গাছ ছিল। সম্প্রতি এসব গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে রাবার বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে।

ভুক্তভোগীদের অভিযোগ, জায়গাটি রাঙ্গামাটিয়া রাবার বাগান থেকে বেশ দূরে এবং পূর্বপুরুষদের সময় থেকেই তাঁদের দখলে রয়েছে। দীর্ঘদিনের পরিশ্রমে সেখানে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের বাগান গড়ে তুলেছিলেন তারা। কিন্তু হঠাৎ কোনো আলোচনা বা নোটিশ ছাড়াই গাছগুলো কেটে ফেলা হয়।

তাদের দাবি, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গাছ কাটার ঘটনায় তারা ক্ষতিপূরণ, প্রতিকার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

অভিযোগের বিষয়ে রাঙ্গামাটিয়া রাবার বাগানের ব্যবস্থাপক কে এম মাহবুব আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে তিনি অফিসের বাইরে রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখবেন বলেও জানান তিনি।

এদিকে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম। তিনি বলেন, ভুক্তভোগীদের একটি লিখিত আবেদন পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন