২৫ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এ চ্যাম্পিয়ন হয়েছে ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ।

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ফটিকছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম রেজা।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের বিতার্কিকরা যুক্তি, তথ্য ও বাগ্মিতার দক্ষ সমন্বয়ের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন— তাসনিমাহ তাবাচ্ছুম চৌধুরী, নূরে জান্নাত ওহী এবং মোছাইবা ইসলাম নাবিহা।

এদের মধ্যে অনন্য উপস্থাপনা, যুক্তির দৃঢ়তা ও সাবলীল বক্তব্যের জন্য বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাসনিমাহ তাবাচ্ছুম চৌধুরী ‘শ্রেষ্ঠ বিতার্কিক’ নির্বাচিত হন।

প্রতিযোগিতায় দলটিকে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা দেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক দিলরুবা কোহিনুর আক্তার।

ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ শহীদুল আজম বলেন, ‘এই সাফল্য শুধু একটি ট্রফি জয়ের গল্প নয়; এটি শিক্ষার্থীদের অধ্যবসায়, আত্মবিশ্বাস, যুক্তিচর্চা ও সুশিক্ষার উজ্জ্বল স্বীকৃতি। এই অর্জন বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করেছে।’

আরও পড়ুন