ফটিকছড়ি প্রতিনিধি»
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থেকে ভুয়া এনএসআই’র ডেপুটি মেজর পরিচয়ে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার ভূজপুর থানাধীন বাগান বাজার ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটক করা হয়। আটক ব্যাক্তির নাম অমল কান্তি দাশ বনিক (৪৯)। তিনি কুমিল্লা জেলার কুমিল্লা থানার ঠাকুরপাড়া এলাকার মৃত নরেন্দ্র চন্দ্রদাশ বণিকের পুত্র।
এ বিষয়ে ভূজপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদিন বলেন, বৃহস্পতিবার বিকেলে ওই ব্যাক্তি বাগান বাজার ইউপি চেয়ারম্যানের বাড়িতে গিয়ে নিজেকে এসএসআই’র ডেপুটি মেজর ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী নমিতা হালদারের বিশেষ কর্তকর্তা পরিচয়ে চেয়ারম্যানের খোঁজ করে এবং তাঁর বাড়িতে রাত্রিযাপন করতে চায়। একইভাবে শুক্রবার সকালেও বাগান বাজার ইউপি পরিষদে গিয়ে ঘুরাঘুরি করতে থাকলে স্থানীয় মেম্বার ওই ব্যাক্তিকে আটক রাখে। চেয়ারম্যান রুস্তম আলী এমন অভিযোগ জানালে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, ‘বাগান বাজার ইউনিয়ন পরিষদ থেকে ওই ব্যক্তিকে আটক করে সন্ধ্যায় থানা নিয়ে আসা হয়েছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
বাংলাধারা/এফএস/এফএস












