ফটিকছড়ি প্রতিনিধি »
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মো. সাজ্জাদ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে ফটিকছড়ি-বারৈয়ারঢালা সড়কের হাইদচকিয়া সূর্যগিরি আশ্রমের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া গ্রামের দর্জি বাড়ির মো. বাবুলের পুত্র।
এঘটনায় মো. হোসেন ও রুবেল নামে দুইজন আহত হয়েছে। আহত দুইজনের বাড়ি পাইন্দং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানগাড়ির সাথে ধাক্কা লেগে পড়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। আহত মো. হোসেনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য গৌতম সেবক বড়ুয়া।












