৫ মার্চ ২০২৬

ফাহমিদা নবীর কণ্ঠে ‘কোনো মানে নেই’

বাংলাধারা বিনোদন »

নতুন গানে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, শিরোনাম ‘কোনো মানে নেই’। ওমর ফারুক বিশালের কথায় সুর-সংগীত পরিচালনা করেছেন জিয়া খান। সংগীতায়োজনে আছেন জাহিদ বাশার পঙ্কজ।

সম্প্রতি পঙ্কজের মগবাজারের রেড অ্যান্ড ব্ল্যাক স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন ফাহমিদা। তার সঙ্গে আরও আছেন প্রবাসী গায়ক তাসলিম হাসান।

এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, “জিয়া আমার খুব কাছের ছোট ভাই। ও খুব ভালো সুর করে। খুব সুন্দর কথার এই গানটির সুর-সংগীতায়োজনও চমৎকার করেছে। এটি সেমি মেলো-ক্ল্যাসিক্যাল ঘরানার মিষ্টি প্রেমের একটি গান। কথা-সুরের মধ্যে বেশ দরদ আছে। যে কারোরই গানটি ভালো লাগবে।”

জিয়া খান বলেন, “ফাহমিদা আপা আমার প্রত্যাশার চেয়েও অনেক বেশি ভালো গেয়েছেন। ওনার কণ্ঠ নেওয়ার পর নিজের মধ্যে এক ধরনের ভালো লাগা কাজ করছে। আমি অত্যন্ত খুশি। তাসলিম হাসানও বেশ ভালো গান করেন। আশা করছি, গানটি শ্রোতাদের মনে মুগ্ধতা ছড়াবে।”

সংগীতায়োজক জাহিদ বাশার পঙ্কজ বলেন, “খুব ভালো একটি কাজ হয়েছে। ব্যক্তিগতভাবে শ্রোতাদের কাছে আমার দাবি, আমরা সবাই যেন ভালো কথা-সুরের মানসম্মত ও রুচিশীল গান বেশি বেশি শুনি। ভালো গানে মনোনিবেশ করি। তাহলে আমাদের গান-বাজারে দারুণ একটা পরিবর্তন আসবে।”

গীতিকবি বিশাল জানান, দ্বৈতকণ্ঠের পাশাপাশি ফাহমিদা নবীর একক ট্র্যাক হিসেবেও প্রকাশ হবে ‘কোনো মানে নেই’।

বাংলাধারা/এফএস/ইরা

আরও পড়ুন