২০ মার্চ ২০২৬

ফিরছেন করোনা-জয়ী অপূর্ব

বিনোদন ডেস্ক »

জি ফাইভের জন্য নির্মাণাধীন পূর্ণদৈর্ঘ্য ওয়েব সিনেমা ‘যদি কিন্তু তবুও’-র জন্য ক্যামেরার সামনে দাঁড়ানোর কয়েক দিন পরই করোনায় আক্রান্ত হন জিয়াউল ফারুক অপূর্ব। এর আগেও করোনা বিড়ম্বনায় একাধিকবার পিছিয়ে যেতে হয় নির্মাতা শিহাব শাহীনকে।

শুধু শিহাবই নন, অপূর্ব অসুস্থ থাকায় বিপাকে পড়েছেন অন্য নির্মাতারা। বেশ কিছু নাটকের কাজ আটকে গেছে। সব মিলিয়ে ২০ দিনের মতো পিছিয়ে গেছেন অভিনেতা। জানা গেছে, আরও কয়েক দিন বিরতি নিয়ে সামনে মাসের শুরুতে শুটিংয়ের জন্য ফিরবেন জনপ্রিয় তারকা।

এখন অপূর্বর শারীরিক অবস্থা ভালোর দিকে। দিন দিন আগের চেয়ে সুস্থ অনুভব করছেন তিনি। শুটিংয়ে ফেরার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন একটু একটু করে।

জানা গেছে, ৩ ডিসেম্বর অপূর্ব শুটিংয়ে ফিরবেন। নুসরাত ফারিয়া বিপরীতে ‘যদি কিন্তু তবুও’ শুটিং করবেন প্রথমে। এর পর আটকে অন্য কাজে সময় দেবেন। সংবাদমাধ্যমকে সিনেমাটির পরিচালক শিহাব শাহীন বলেন, অপূর্ব’র সঙ্গে আমার কথা হয়েছে। শারীরিকভাবে এখন তিনি অনেকখানি সুস্থ। এখন বিশ্রামে থেকে শক্তি সঞ্চয় করছেন। আশা করছি আমরা ৩ ডিসেম্বর থেকে শুটিং শুরু করতে পারবো।

গত ১ নভেম্বর করোনায় আক্রান্ত হন অপূর্ব। দুদিন পরই তার শরীরে প্রচণ্ড জ্বর, খিঁচুনি, মাথাব্যথা, রক্তপ্রবাহ রক্তপ্রবাহে সমস্যা দেখা যায়। শারীরিকভাবে প্রচণ্ড দুর্বলতা অনুভব করেন অভিনেতা। ৩ নভেম্বর মধ্যরাতে হাসপাতালে নেওয়া হয় তাকে। এ সময় রক্তে কয়েকটি ইনফেকশন ধরা পড়ে। তখন চিকিৎসকেরা দ্রুত আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। প্রয়োজনীয় চিকিৎসা শেষে ১১ নভেম্বর বাসায় ফেরেন অপূর্ব।

করোনায় আক্রান্ত হওয়ার আগে তিনি সাগর জাহানের একটি নাটকে কাজ করছিলেন। এরপরই ‘যদি কিন্তু তবুও’-র পরের ধাপের শুটিং ছিল।

বাংলাধারা/এফএস/ইরা 

আরও পড়ুন