২৬ মার্চ ২০২৬

ফিশিং ট্রলার থেকে ছুঁড়ে ফেলা প্লাষ্টিকের বস্তায় মিললো পৌনে ৮ লাখ ইয়াবা

জেলা প্রতিনিধি, কক্সবাজার»

প্রবালদ্বীপ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন গভীর সমুদ্র থেকে চারটি বাদামী রঙের প্লাষ্টিকের বস্তা থেকে ৭ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার (১২ নভেম্বর) সকালে এসব ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

শুক্রবার রাত ১০ টার দিকে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন সমূদ্র এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন সংবাদ পাই সিজিবি। এমন খবরে বিসিজি টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম নাঈম উল হক’র নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মিয়ানমার সীমান্ত দিয়ে একটি ট্রলার আসতে দেখলে সন্দেহজনক হলে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি থামার জন্য সংকেত দেয়। ট্রলারটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত গতিতে পালানোর চেষ্টা কালে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি ধাওয়া করে। পরবর্তীতে ইয়াবা পাচারকারীরা ৪টি বাদামী রঙের প্লাষ্টিকের বস্তা ট্রলার থেকে সমূদ্রে ফেলে মিয়ানমারের সীমান্তে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাগুলো উদ্ধার করে খুলে গণনা করে ৭ লক্ষ ৮০ হাজার পিছ ইয়াবা পাওয়া যায়।

তিনি আরো বলেন, জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়া চলছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন