বাংলাধারা প্রতিবেদন »
হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ফের ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩ টায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মুফতী ফয়জুল্লাহ। তিনি বলেন, শারীরিক দুর্বলতা ও বাধর্ক্যজনিত রোগের কারণে হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শফীকে বিকেলে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
এর আগে ৭ জুন অত্যন্ত অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিয়েছিলেন তিনি। আইসিইউতে সপ্তাহখানেক চিকিৎসা নিয়ে ১৬ জুন তিনি হাটহাজারি দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় ফিরে যান।
এরও আগে ১১ এপ্রিল অসুস্থ শফীকে চট্টগ্রামের বেসরকারি সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে ঢাকার আজগর আলী হাসপাতালে নেয়া হয়।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












