রাঙ্গুনিয়া প্রতিনিধি »
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৌরভ চৌধুরী (২৪) নামের শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করেছেন চুয়েট কতৃপক্ষ।
রোববার (২১ মার্চ) এক জরুলী আলোচনা সভায় তথ্য উপাত্তের ভিত্তিতে চুয়েট শৃঙ্খলা কমিটি সাময়িক বহিস্কার করেন।
সংশ্লিষ্ট সূত্রমতে, গত ১৯ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহম্মদ (স:)-কে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন চুয়েটের পুরকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সৌরভ চৌধুরী। তার এমন উগ্র আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চুয়েটের অন্যান্য শিক্ষার্থীরা। চুয়েট আড্ডাবাজ নামক একটি গ্রুপ থেকে তার কটূক্তি সম্বলিত স্ক্রিনশট ভাইরাল হলে সাধারণ শিক্ষার্থীরা তার বহিষ্কার ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

শিক্ষার্থীদের থেকে জানা যায়, তিনি শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী একজন ছাত্র। তিনি বর্তমানে পুরকৌশল বিভাগের সর্বোচ্চ সিজিপিএ ধারণ করছেন।
উল্লেখ্য, আজ রোববার ভোর ৪ টায় চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাউজান- রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম’র নেতৃত্বে রাউজান থানা পুলিশের দল চট্টগ্রাম মহানগরীর উত্তর নালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
বাংলাধারা/এফএস/এআর












