১৩ মার্চ ২০২৬

‘ফ্রন্ট ফাইটারের’ জন্য ‘এসএসসি’৯৯’র ফ্রি কোয়ারেন্টাইন

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে দিন দিন বাড়ছে করোনার সংক্রমণ। করোনা রোগীর চিকিৎসা সেবা নিশ্চিতে বাড়ানো হচ্ছে আইসোলেশন ও করোনা চিকিৎসায় নিয়োজিত হাসপাতালের সংখ্যা। সেই সাথে করোনায় চিকিৎসায় প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন চিকিৎসক-স্বাস্থ্যকর্মী। এরই মধ্য বিছিন্ন অভিযোগ উঠেছে করোনা চিকিৎসায় নিয়োজিত এসব ফ্রন্টফাইটারদের পৃথক থাকার ব্যবস্থা না করার। এসব বিষয় মাথায় রেখে করোনাযুদ্ধের ফ্রন্টফাইটারদের জন্য বন্ধুদের সংগঠন ‌‘এসএসসি’৯৯’ গড়ে তুলেছে ফ্রি কোয়ারান্টাইন সেন্টার।

সংগঠন সংশ্লিষ্টরা জানান, আর্ত মানবতার সেবার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এসএসসি-৯৯ এবং ওই ব্যাচের ডাক্তারদের তত্ত্বাবধানে চট্টগ্রামের চিকিৎসকদের জন্য চালু করা হয়েছে একটি কোয়ারেন্টাইন সেন্টার।

চট্টগ্রাম নগরীর এ কে খান মোড়স্থ হোটেল সুপার প্রিন্স এ ৫ রুম বিশিষ্ট এই কোয়ারেন্টাইনে সেন্টারে প্রাথমিকভাবে ১০ জন চিকিৎসক থাকার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে বাড়ানো হবে এই কোয়ারেন্টাইনের পরিধি। পরিধি বাড়িয়ে ২০ থেকে ২৫ জন চিকিৎসক একসাথে যাতে তাদের এ সুবিধা নিতে পারেন সে লক্ষ্যে কাজ করছে সংগঠনটি। আর এ কাজের সার্বিক তত্ত্বাবধানে কাজ করছেন এসএসসি’৯৯ ব্যাচের লায়ন নুরুজ্জামান। ব্যবস্থাপনায় রয়েছেন ডা. ওমর সায়েম রবিন ও সংগঠনের অন্যান্য চিকিৎসকগণ।

এসএসসি’৯৯ এর এ কার্য্যক্রম এর অন্যতম উদ্যোক্তা আব্দুল্লাহ আল রায়হান জানান, বর্তমানে ৩ জন চিকিৎসক থাকছেন এই কোয়ারান্টাইন সেন্টারে। তবে ১৯৯৯ সালে এসএসসি পাশ করা ব্যাচের জন্য চিকিৎসকদের এই কোয়ারান্টাইন সেন্টার গড়ে তোলা হলেও যে কোন ব্যাচের চিকিৎসকরা কোভিড টিমের দায়িত্ব শেষে এই হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকতে পারবেন।

রায়হান বলেন, ‘বর্তমানে আমরা সবাই একটা কঠিন সময়ের মধ্যে দিন পার করছি । এ পরিস্থিতিতেও আমরা আমাদের পরিবার, সহপাঠী বন্ধু ও নিকটজনদের স্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগ গ্রহন করেছি। এই জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কোয়ারেন্টাইনে থাকতে আগ্রহী চিকিৎসকদের সন্ধান চেয়ে বিভিন্ন পোষ্ট করেছি। সেখানে দেওয়া নাম্বারে যে কেউ যোগাযোগ করে আগ্রহ প্রকাশ করলে সম্পূর্ণ বিনামূল্যে এই কোয়ারেন্টাইনে থাকতে পারছেন।’

এছাড়াও চট্টগ্রাম শহরে জরুরি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করছে সংগঠনটি। ‘অক্সিজেন ব্যাংক’ কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে সংগঠনটি ব্যবস্থা করেছে ১২ টি অক্সিজেন সিলিন্ডার। মুমূর্ষু রোগীর জরুরি প্রয়োজনে কল করে যে কেউ বিনামূল্যে নিতে পারে এই সেবা। তাদের এ কাজে এগিয়ে এসেছে ‘কলেজিয়েটস’৯৯’। ইতোমধ্যে ১০ টি অক্সিজেন সিলিন্ডার কমপ্লিট সেটআপ সহ অনুদান হিসেবে দিয়েছে কলেজিয়েটস।

রায়হান জানান, ১২ টি অক্সিজেন সিলিন্ডারের ৭টি বর্তমানে রোগীরা ব্যবহার করছেন। তাছাড়া জরুরি মেডিকেল সেবা প্রদানের লক্ষ্যে ‘ইমারজেন্সি মেডিকেল ইক্যুপমেন্ট’ সংগ্রহ করার চেষ্টা করছে সংগঠনটি। সংগঠনের অন্যান্য সদস্যদের আর্থিক সহযোগিতায় পুরো কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ