২২ অক্টোবর ২০২৬

ফ্রিজের কম্প্রেসার থেকে আগুন, মিরসরাইয়ে পুড়ে ছাই বসতঘর

চট্টগ্রামের মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে আগুনের সূত্রপাত হয়ে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর আমবাড়িয়া গ্রামের আব্দুস সালামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে চার পরিবারের আসবাবপত্র, স্বর্ণালংকার, কাপড়চোপড়সহ ঘরের বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের সদস্যরা হলেন—মজিবুল হক (৭০), নাসির উদ্দিন (৪৫), আলা উদ্দিন (৪০) ও জয়নাল উদ্দিন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়নাল উদ্দিনের ঘরে থাকা একটি ফ্রিজের কম্প্রেসার থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে এবং পাশের আরও তিনটি বসতঘরে আগুন ধরে যায়। আগুনের তীব্রতা বেশি থাকায় ঘর থেকে প্রয়োজনীয় মালামাল বের করার সুযোগ পাননি পরিবারের সদস্যরা।

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে চারটি বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্তরা জানান, অগ্নিকাণ্ডে স্বর্ণালংকার, পাঁচটি আলমারি, চারটি শোকেস, আটটি খাট, চার সেট সোফা, চারটি ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। তাদের প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাইদুল ইসলাম বলেন, ‘মিরসরাই পৌরসভার আমবাড়িয়া এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্রিজের কম্প্রেসার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।’

আরও পড়ুন