১৯ মার্চ ২০২৬

বইমেলায় আসছে রাইসুল উদ্দিন সৈকতের প্রথম বই

বাংলাধারা প্রতিবেদন  »

বহুমুখী প্রতিভার অধিকারী রাইসুল উদ্দিন সৈকত। তরুণ উদ্যোক্তা হিসেবে ব্যবসা-বাণিজ্যে তার সফল পদচারণা রয়েছে। এছাড়াও সামাজিক নানা কাজকর্মে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তার অংশগ্রহণ রয়েছে।

এসবে সাফল্য পেয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন থেকে সম্মানিত হয়েছেন। তবে এবার ভিন্নরকম আরেকটি পরিচয়ে হাজির হতে যাচ্ছেন এই তরুণ উদ্যোক্তা। লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তার।

আসন্ন বই মেলায় রাইসুল উদ্দিন সৈকতের প্রথম বই প্রকাশ পেতে যাচ্ছে। বইটির নাম রাখা হয়েছে ‘করোনাকাল অনুভবে ভাবাবেগ’। এটি প্রকাশ করতে যাচ্ছে দাঁড়িকমা প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন পাবলো আহান।

রাইসুল উদ্দিন সৈকত জানান, করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর থেকে জীবনযাপন পদ্ধতি বদলে গেছে। করোনাকালের আগে প্রায় প্রতিদিন কাজ করলেও করোনাকাল ছিলো অখণ্ড অবসর। এই অবসরের মধ্যে লেখালেখিতে মনোনিবেশ করি। বেশকিছু লেখা ছাপা হয় দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকাসহ চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক ও বিভিন্ন অনলাইন পত্রিকায়।

তরুণ এই উদ্যেক্তা বলেন, অর্থনীতি সচল রাখা ও করোনা পরবর্তী অর্থনীতিতে কী করা যাবে, সে সম্পর্কে বাসায় ও অফিসে বসে লেখার চেষ্টা করেছি। পাশাপাশি করোনা থেকে বাঁচতে মানুষ কী কী করতে পারে, তা নিয়ে কিছু করার এবং লেখার চেষ্টা করছি।

রাইসুল উদ্দিন সৈকত বলেন, পৃথিবী একদিন করোনামুক্ত হবে, হাসবে মানুষ, জয় হবে মানবতার। জানি মানুষ ইতিহাস থেকে শিক্ষা নিবে। আর পুনরাবৃত্তি না ঘটুক ইতিহাসের। আর সেই করোনাকালীন ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে আমার এই ক্ষুদ্র প্রয়াস।

প্রকাশক আবদুল হাকিম বলেন, এটি রাইসুল উদ্দিন সৈকতের প্রথম বই। সেই হিসেবে লেখার মান খুবই ভালো। মনোমুগ্ধকর ঝরঝরে লেখা, পড়লে শীতল একধরণের অনুভূতি হয়। তাই বইটি খুব আগ্রহ নিয়ে দাঁড়িকমা প্রকাশ করছে।

‘করোনাকাল অনুভবে ভাবাবেগ’ রাইসুল উদ্দিন সৈকতের প্রথম গ্রন্থ। বইটি তিনি তার গর্ভধারিনী মাকে উৎসর্গ করেছেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন