বাংলাধারা প্রতিবেদক »
বগুড়া থেকে অপহৃত ১৪ বছরের এক কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় অপহরণকারী মো. নুরনবী কাজীকেও (২৫) গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৩টায় ইপিজেড থানার সিইপিজেড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরনবী বগুড়া জেলার মেঘাগাছা থানার মৃত শফিক কাজীর ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, অভিযোগের ভিত্তিতে র্যাব জানতে পারে ইপিজেড এলাকায় অবস্থান করছে অপহরণকারী। এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকাল সোয়া ৩টায় সিইপিজেড থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী নুরনবীকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরনবী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, অসৎ উদ্দেশে কিশোরীকে অপহরণ করে আত্মগোপন করেছিল।












